
শ্যামনগরের নূরনগরে সমাজসেবক হাবিবুর রহমান লিটনের উদ্যোগে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু
প্রতিবেদক: গাজী আল আমিন হোসেন, শ্যামনগর
মানুষের জীবন অনেক সময়ই নির্ভর করে একটি মুহূর্তের ওপর। হঠাৎ অসুস্থতা, দুর্ঘটনা কিংবা জরুরি পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা সেবা না পেলে জীবন হুমকির মুখে পড়ে। তবে শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের মানুষের জন্য সেই আশঙ্কা অনেকটাই কমে গেল। সমাজসেবক হাবিবুর রহমান লিটনের উদ্যোগে চালু হলো ২৪ ঘণ্টাব্যাপী ফ্রি অ্যাম্বুলেন্স সেবা, যা জরুরি মুহূর্তে রোগীকে দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) নূরনগর নবীন সংঘ ক্লাব চত্বরে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের উপস্থিতিতে এ মানবিক উদ্যোগের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা তাঁতি দলের সাবেক সহ-সভাপতি জি এম আবু ইউসুফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ ফ্রি অ্যাম্বুলেন্স সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য আশেক এলাহি মুন্না, উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান পারভিন ঝর্ণা, সমাজসেবক মাস্টার এস. এম. শামসুল হক, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী ডি এম মইনুদ্দীন লাভলু, সমাজসেবক নজরুল ইসলাম, মহাদেব চন্দ্র, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ রেজাউল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জরুরি মুহূর্তে রোগীকে দ্রুত হাসপাতালে পৌঁছানো জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত। কিন্তু অর্থনৈতিক অসচ্ছলতার কারণে অনেক মানুষ প্রয়োজনীয় অ্যাম্বুলেন্স সেবা নিতে পারেন না। এই ফ্রি অ্যাম্বুলেন্স সেবা সেই বাধা দূর করবে এবং দরিদ্র ও অসহায় মানুষের জন্য বড় সহায়তা হয়ে উঠবে।
উদ্যোক্তা সমাজসেবক হাবিবুর রহমান লিটন জানান, নূরনগরসহ আশপাশের এলাকার যেকোনো জরুরি রোগীকে দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়াই তাঁর মূল লক্ষ্য। অ্যাম্বুলেন্সটি ২৪ ঘণ্টা সচল থাকবে এবং সেবাটি সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে। প্রয়োজনে রোগীকে নিকটস্থ উপজেলা কিংবা জেলা হাসপাতালে নিরাপদে পৌঁছে দেওয়া হবে।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।