
প্রতিবেদক: সাদ্দাম হোসেন, হিলি
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে সরকারি রেলওয়ে কর্মচারীরা অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করেছেন। মঙ্গলবার হিলি রেলওয়ে স্টেশন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। স্বল্প বেতনে চাকরি করে পরিবার পরিচালনা করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। অথচ হিলি রেলওয়েসহ সারাদেশের সরকারি রেলওয়ে কর্মচারীরা জীবন ঝুঁকি নিয়ে রেল চলাচল ও সংশ্লিষ্ট সব কার্যক্রম সচল রাখছেন।
বক্তারা আরও বলেন, দ্রুত নবম পে-স্কেল বাস্তবায়ন করা হলে রেলওয়ে কর্মচারীদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসবে। বর্তমান সরকারের কাছে তারা বিনীতভাবে অনুরোধ জানান, যেন অতি দ্রুত সময়ের মধ্যে রেলওয়ে কর্মচারীদের কাঙ্ক্ষিত নবম পে-স্কেল বাস্তবায়ন করা হয়।
পরে হিলি রেলওয়ে স্টেশন চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি হিলি স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার স্টেশন চত্বরে এসে শেষ হয়।
এ সময় কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও হিলি রেলওয়ে কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মোঃ আব্দুল ওহাবের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত সময়ের মধ্যে নবম পে-স্কেল বাস্তবায়ন না হলে আগামীতে আরও বড় ধরনের আন্দোলনে যেতে বাধ্য হবেন রেলওয়ে কর্মচারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।