
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন আগামী বুধবার অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ সভা শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল।
তিনি জানান, বিশেষ আমন্ত্রণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভায় অংশ নেন। সভায় মির্জা ফখরুল অবহিত করেন যে, বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে শহীদ রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে।
আইন উপদেষ্টা আসিফ নজরুল আরও বলেন, বেগম খালেদা জিয়ার পরিবার ও বিএনপির পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে জানাজা ও দাফনসহ সার্বিক নিরাপত্তা ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য সরকারকে ধন্যবাদ জানানো হয়।
তিনি জানান, সভার শুরুতে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ধর্ম উপদেষ্টা।