
কসবায় মাদকবিরোধী অভিযানে ৪৮ কেজি গাঁজা জব্দ
প্রতিবেদক: আরিফুর ইসলাম, কসবা উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৪৮ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
গতকাল রবিবার (৫ অক্টোবর) গভীর রাতে কায়েমপুর ইউনিয়নের ওমরপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে কসবা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার এহতেশামুল হক এর নির্দেশনা, কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আতিকুর রহমান এর তদারকি এবং কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের এর সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন এসআই মো. ফারুক হোসেন, সঙ্গীয় ফোর্সসহ।
গোপন সংবাদের ভিত্তিতে ওমরপুর গ্রামের মো. শাহআলমের বাড়ির পাশের একটি পাকা রাস্তা থেকে গাঁজার বিশাল চালানটি উদ্ধার করা হয়।
এসময় ঘটনাস্থল থেকে মো. সাহাব মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কায়েমপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে।
এ বিষয়ে কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের জানান, “আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।”
✒️
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।