
প্রতিবেদক: মোঃ সোবেল মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিশেষ প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ মার্কেটে বৈধ দোকান উচ্ছেদকে কেন্দ্র করে শহরের সকল ফার্মেসি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ব্রাহ্মণবাড়িয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি। এতে ওষুধ না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও রোগীরা।
আজ সোমবার সকাল থেকে জেলা শহরের সকল ফার্মেসি বন্ধ রেখে কর্মসূচি শুরু করে সমিতি। এতে শহরের হাসপাতাল, ক্লিনিক ও আশপাশের ফার্মেসিগুলোর সব দোকান বন্ধ দেখা গেছে।
ঘটনার সূত্রপাত হয় ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ মার্কেটের বৈধ ভাড়াটিয়াদের উচ্ছেদ নোটিশকে কেন্দ্র করে। কলেজের গেট নির্মাণের দাবি তুলে কয়েকদিন ধরে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছিলেন। তাদের দাবির পরিপ্রেক্ষিতে গত রবিবার সদর সহকারী কমিশনার (ভূমি) অফিস থেকে সাত দিনের মধ্যে ১৪ ব্যবসায়ীকে দোকান ছাড়ার নোটিশ দেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির পৌর শাখার সভাপতি নূরে আলম সিদ্দিকী বলেন,
“১৯৮৩ সাল থেকে আমরা কলেজ মার্কেটে বৈধভাবে দোকান ভাড়া নিয়ে ব্যবসা করে আসছি। নিয়মিত ভাড়াও পরিশোধ করা হয়েছে। হঠাৎ করে এই দোকানগুলোকে অবৈধ ঘোষণা করে উচ্ছেদ করা অমানবিক ও বেআইনি।”
তিনি আরও জানান, ব্যবসায়ীরা দোকান স্থানান্তরের জন্য ছয় মাস সময় চেয়ে আবেদন করেছিলেন, কিন্তু কলেজ কর্তৃপক্ষ তা আমলে নেয়নি। তাই বাধ্য হয়ে অনির্দিষ্টকালের জন্য ফার্মেসি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে হঠাৎ করে ওষুধের দোকান বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে বৃদ্ধ ও অসুস্থ রোগীরা। অনেকেই প্রয়োজনীয় ওষুধের জন্য দূরের এলাকাগুলোতে ছুটছেন।
স্থানীয় সচেতন মহল বিষয়টির দ্রুত সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
✒️ সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।