
নবীনগরে বিএনপি নেতা তাপসের বক্তব্যে তোলপাড় রাজনৈতিক অঙ্গন
প্রতিবেদক: আরিফুর ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া (নবীনগর) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপি নেতা কাজী নাজমুল হোসেন তাপসের বক্তৃতা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনের যৌথ আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ব্রাহ্মণবাড়িয়া–৫ (নবীনগর) আসনের দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস বলেন,
“আমরা দলের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে মাঠে আছি। সময় এখনো হাতে আছে, তফসিল ঘোষণার আগেই ইনশাআল্লাহ এই আসনের মনোনয়ন পরিবর্তন করে আমরা নিজেদের জন্য মনোনয়ন নিশ্চিত করব।”
তিনি আরও বলেন,
“১৭ বছর ধরে আমি আপনাদের পাশে আছি। কেউ পিছিয়ে যাননি, সবাই লড়ে গেছেন। আপনারা আমার আপনজন—আমি কখনো আপনাদের ছেড়ে যাব না।”
আবেগঘন কণ্ঠে তাপস বলেন,
“আমি পিতৃহীন একজন মানুষ, তাই আপনারাই আমার পরিবার, আমার প্রথম ও শেষ ভালোবাসা। ধৈর্য ধরুন, কেউ যেন উস্কানিতে না পড়ে। আমি অঙ্গীকার করছি—মনোনয়ন আমরা আনব।”
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম।
এছাড়াও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আনিসুর রহমান মঞ্জু, জেলা বিএনপির সদস্য হাজী আবু ছায়েদ, হযরত আলীসহ আরও অনেকে।
আলোচনা শেষে নেতারা ৯ নভেম্বর (রবিবার) থেকে নবীনগর থেকে বাঙ্গরা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেন।
পরবর্তীতে একটি র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।