
প্রতিবেদক: মোঃ আসাদুজ্জামান, স্টাফ রিপোর্টার
ভারতীয় নম্বর ব্যবহার করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। জানা গেছে, আগামী ১৭ নভেম্বর ২০২৫ তারিখে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার আগে থেকেই এই হুমকি আসতে শুরু করেছে।
১৬ নভেম্বর রাত থেকে প্রসিকিউশন টিমের সব সদস্যের ফোনে একের পর এক হুমকি পৌঁছাতে থাকে। দলটির চিফ প্রসিকিউটর তাজুল ইসলামসহ সবাই একই ধরনের ফোনকল পেয়েছেন। বেশিরভাগ কল করা হয়েছে ভারতের কান্ট্রি কোড ব্যবহার করে।
হুমকিদাতারা স্পষ্ট জানিয়ে দিয়েছে— যদি শেখ হাসিনার সাজা হয়, তাহলে প্রসিকিউশন টিমের কাউকেই বাঁচতে দেওয়া হবে না।
প্রসিকিউটর তারেক আবদুল্লাহ জানান, সন্ধ্যা থেকে শুরু হওয়া এই হুমকি রাতভর অব্যাহত ছিল এবং আজ সকালেও বেশ কিছু কল এসেছে।
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, তিনি অসংখ্য ফোন পেয়েছেন এবং এক পর্যায়ে বাধ্য হয়ে ফোন বন্ধ করে দিতে হয়। তিনি এই হুমকিকে ‘কাপুরুষোচিত’ বলে আখ্যায়িত করেছেন।
গত বছরের জুলাই মাসে গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হয়। এরপর তিনি দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। পরে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা দায়ের করা হয়, যার রায় ঘোষণা হবে ১৭ নভেম্বর।
রায় ঘিরে দেশে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।