
শিরোনাম: টঙ্গীতে নবজাতককে মাটিচাপা দেওয়ার ঘটনায় চাঞ্চল্য: মাদকাসক্ত মা–বাবাকে নগদ অনুদান, ক্ষোভ এলাকাবাসীর
প্রতিবেদক: মোঃ ফরিদ হোসেন, স্টাফ রিপোর্টার
গাজীপুরের টঙ্গীতে নবজাতককে মাটিচাপা দেওয়ার হৃদয়বিদারক ঘটনা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। স্বামী–স্ত্রী দুজনই পুলিশকে জিজ্ঞাসাবাদে নবজাতককে মাটিচাপা দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন বলে সূত্রে জানা গেছে। এ ঘটনার পর এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে।
এদিকে ঘটনার পর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (ক্রাইম) ওই দম্পতির চিকিৎসার জন্য ১৫ হাজার টাকা নগদ অনুদান প্রদান করেন। কিন্তু এই সিদ্ধান্তকে ঘিরে শুরু হয়েছে সমালোচনার ঝড়। এলাকাবাসীর প্রশ্ন—“যারা নিষ্ঠুরভাবে নিরপরাধ নবজাতকের জীবন বিপন্ন করেছে, তাদের অনুদান দেওয়ার যৌক্তিকতা কোথায়?”
স্থানীয়দের দাবি, অভিযুক্ত মা–বাবা দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত। তাদের অবহেলা, দায়িত্বহীনতা ও অমানবিক আচরণের কারণেই নবজাতকটি মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়। বর্তমানে এলাকাবাসীর চাপ ও মানবিক বিবেচনায় এক স্থানীয় মহিলা সেই নবজাতককে লালন–পালন করছেন।
অনুদান প্রসঙ্গে অনেকের মত—যদি সত্যিকারের সহায়তার প্রয়োজন হয়, তবে তা নবজাতককে এবং যে মহিলা শিশুটিকে নিজের দায়িত্বে লালন করছেন, তাকেই দেওয়া উচিত।
এ ঘটনাকে কেন্দ্র করে মানবিক সহায়তার নীতি, বিচারব্যবস্থা, সমাজের মূল্যবোধ এবং প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।