
সমর্থনের হাত বাড়িয়ে দিল দোলা—কালামের পাশে থাকার প্রতিশ্রুতি
প্রতিবেদক: আলম চৌধুরী, স্টাফ রিপোর্টার
কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. আবুল কালামকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়ে সহযোগিতার অঙ্গীকার করেছেন একই আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলা।
শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশান দলীয় কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের উপস্থিতিতে দুজনের মধ্যে সমঝোতা হয়। সেখানে দোলা কালামের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচনী মাঠে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন।
এর আগে গত রোববার (৯ নভেম্বর) লাকসামের ছনগাঁও এলাকায় গণসংযোগকালে দোলার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এতে দোলা ও উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। পরবর্তীতে এ ঘটনার তদন্তে বিএনপি পাঁচ সদস্যের কমিটি গঠন করে, যা স্থানীয় রাজনীতিতে দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে আনে।
হামলার বিষয়ে সামিরা আজিম দোলা বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে ফোন করেছেন। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন। দলের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং ধানের শীষকে বিজয়ী করতে কাজ করবো।”
মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম বলেন, “সেদিনকার অনাকাঙ্ক্ষিত ঘটনাটি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের কাছে তুলে ধরা হয়েছে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো এবং যেকোনো ষড়যন্ত্র মোকাবেলা করবো।”
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।