
মোংলায় নিজ অর্থায়নে খালেদা জিয়ার নামে স্কুল–কলেজ ও বৃদ্ধাশ্রমের জন্য ৬ একর জমি দান করলেন পৌর বিএনপির সভাপতি
প্রতিবেদক: মো. রাজ হাওলাদার, মোংলা উপজেলা প্রতিনিধি
বাগেরহাটের মোংলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে একাডেমি স্কুল–কলেজ, মাদ্রাসা ও বৃদ্ধাশ্রম নির্মাণের জন্য নিজস্ব ৬ একর জমি দান করেছেন মোংলা পৌর বিএনপির সভাপতি, সাবেক মেয়র ও (বাগেরহাট–৩) মোংলা–রামপাল আসনের মনোনয়ন প্রত্যাশী মো. জুলফিকার আলী।
আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে চিলা ইউনিয়নের তেলিখালী এলাকায় এ প্রকল্পের নামফলক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোংলা পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রামপাল উপজেলা বিএনপির সভাপতি তুহিন হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার, সাবেক যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, পৌর বিএনপির সভানেত্রী কমলা বেগমসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন নেতাকর্মী।
মো. জুলফিকার আলী বলেন,
“এ অঞ্চলে কারিগরি শিক্ষার অভাব রয়েছে। দুর্গম এলাকার শিক্ষার্থীরা ভালো শিক্ষা পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়। তাই সুন্দরবনসংলগ্ন পশুর নদীর তীরে মনোরম পরিবেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে মানসম্মত প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নিয়েছি।”
তিনি আরও বলেন,
“অনেক বৃদ্ধ–বৃদ্ধা পরিবারে অবহেলার শিকার। তাদের আশ্রয় দেওয়ার জন্যই প্রকল্পে বৃদ্ধাশ্রম রাখা হয়েছে। আমার একার পক্ষে এ বিশাল প্রকল্প বাস্তবায়ন কঠিন। সরকার সহায়তা দিলে এটি পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হবে।”
জানা যায়, জুলফিকার আলী তার ব্যক্তিগত অর্থায়নে প্রথম ধাপের কাজ শুরু করবেন। তিনি জানান, ভবিষ্যতে কেন্দ্রীয় বিএনপি নেতাদের উপস্থিতিতে প্রকল্পের পূর্ণাঙ্গ উদ্বোধন করা হবে।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।