
নরসিংদীর বেলাবে ভুয়া তথ্য দিয়ে এনআইডি করতে গিয়ে রোহিঙ্গাসহ তিনজন আটক
প্রতিবেদক: মোঃ রবিন রাজ, নরসিংদী জেলা প্রতিনিধি
নরসিংদী জেলার বেলাব উপজেলায় ভুয়া তথ্য ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করতে গেলে রোহিঙ্গা নাগরিকসহ তিনজনকে আটক করেছে বেলাব থানা পুলিশ। বুধবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাচন অফিসে শুনানির সময় তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—রোহিঙ্গা নাগরিক মোঃ আব্দুল্লাহ ওরফে ওমর ফারুক (২২), পিতা মোঃ নবী হোসেন, মাতা মোসাঃ দিলদার বেগম, সাং চাটলী পাড়া, মংডু, মায়ানমার; বর্তমান ঠিকানা টেংখালী রোহিঙ্গা ক্যাম্প (ক্যাম্প নং-১৩), উখিয়া, কক্সবাজার।
তার সঙ্গে আটক হয়েছেন তার ভুয়া পিতা পরিচয়ে আসা মোঃ মাহফুজুর রহমান মাছুম (৪৫), পিতা মোঃ মজিবুর রহমান এবং সহযোগী মোঃ আব্দুল্লাহ (৩৭), পিতা মৃত অহিদুল্লাহ, সাং রাজারবাগ, বেলাব, নরসিংদী।
বেলাব উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম জানান, রোহিঙ্গা যুবক ওমর ফারুককে তার কথিত পিতা মাছুম ও সহযোগী আব্দুল্লাহ মিলে ভুয়া কাগজপত্রের মাধ্যমে ভোটার হিসেবে নিবন্ধন করানোর চেষ্টা করেন। শুনানির সময় কাগজপত্রে অসংগতি ধরা পড়লে বিষয়টি সন্দেহজনক মনে হয়। পরে বেলাব থানা পুলিশকে অবহিত করা হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনকেই আটক করে।
জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা যুবক ওমর ফারুক স্বীকার করে যে তিনি বাংলাদেশের নাগরিক নন এবং ভুয়া তথ্যের মাধ্যমে এনআইডি করার চেষ্টা করেছেন।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন,
“আমরা ভুয়া তথ্য দিয়ে এনআইডি করতে আসা রোহিঙ্গা যুবকসহ তিনজনকে আটক করেছি। তাদের বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন ২০২৪-এর ১৮/২৩(২) ধারায় মামলা রুজু করা হয়েছে (মামলা নং: ২১)।”
তিনি আরও জানান, আসামিদের বিরুদ্ধে অধিকতর তদন্তের জন্য ৭ দিনের রিমান্ড আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।