
প্রতিবেদক: সাদ্দাম হোসেন নয়ন | হিলি প্রতিনিধি
হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে শুল্কমুক্ত চাল আমদানি শুরু হয়েছে। আমদানি অনুমতি পাওয়ার তিন দিনের মাথায় বুধবার (২২ জানুয়ারি) দুপুরে ভারত থেকে দুইটি ট্রাকে চাল বোঝাই হয়ে হিলি বন্দরে প্রবেশের মাধ্যমে এ কার্যক্রম শুরু করে আমদানিকারকরা।
আমদানিকারক প্রতিষ্ঠান ডিপি এন্টারপ্রাইজের মাধ্যমে আনা এই চাল দীর্ঘদিন পর পুনরায় আমদানি কার্যক্রমের সূচনা করল। এর আগে গেলো বছরের ৩০ নভেম্বর সর্বশেষ চাল আমদানি হয়েছিল এই বন্দর দিয়ে।
হিলির চাল বাজারের আজকের তথ্যমতে, প্রতিকেজি সম্পা কাটারি চাল মানভেদে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭১ টাকা দরে, স্বর্ণা-৫ জাতের চাল বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে। অন্যদিকে আজ আমদানিকৃত চাল বন্দরে প্রতিকেজি ৬৪ থেকে ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে, যা দেশের বাজারের তুলনায় প্রায় ৫ টাকা কম।
চাল আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি রিন্টু কমল সরকার বলেন, “আজ প্রথমবার ভারত থেকে আমাদের দুটি ট্রাকে সম্পা কাটারি জাতের চাল আমদানি হয়েছে। বাজারে চাহিদা থাকায় বন্দরে প্রতিকেজি ৬৪ থেকে ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে। আমদানি বাড়লে চালের দাম আরও কমে আসবে।”
হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ উপ-পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “১৮ জানুয়ারি আমদানির অনুমতি দেওয়ার পর আজ থেকে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। আমদানিকৃত চালের মান পরীক্ষা-নিরীক্ষা শেষে ছাড়করণের অনুমতি দেওয়া হচ্ছে। বন্দরের ৩২ জন আমদানিকারক এ পর্যন্ত ১৫ হাজার টন চাল আমদানির অনুমতি পেয়েছেন।”
হিলি কাস্টমস শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ বাঁধন জামান জানান, “আজ দুইটি ট্রাকে মোট ৭৭ টন চাল আমদানি হয়েছে। এসব চাল ৪৫০ মার্কিন ডলার দরে শুল্কায়ণ করা হচ্ছে। দ্রুত বাজারজাতের জন্য আমদানিকারকদের সব ধরনের সহযোগিতা প্রদান করা হচ্ছে।”
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।