
প্রতিবেদক: রিপন কান্তি ধর | জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
মৌলভীবাজার জেলার সৈয়ারপুরে অবস্থিত ঐতিহ্যবাহী শ্রীশ্রী শ্যামসুন্দর জিউর আখড়ায় ১৬ প্রহর ব্যাপী শ্রীশ্রী নাম সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে। ৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, রোজ মঙ্গলবার (২১ জানুয়ারি ২০২৬ খ্রি.) শুভ অধিবাসের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ ধর্মীয় অনুষ্ঠানের সূচনা হয়। আগামী ৯ মাঘ, রোজ শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬ খ্রি.) দধিভাণ্ড ভঞ্জনের মধ্য দিয়ে এই মহোৎসবের পরিসমাপ্তি ঘটবে।
অনুষ্ঠান উপলক্ষে মঙ্গল ঘট স্থাপন, ভজন কীর্তন, ভোগ আরতি, নাম সংকীর্তন, সন্ধ্যা আরতি এবং প্রতিদিন মহাপ্রসাদ বিতরণ করা হয়।
শ্রীশ্রী শ্যামসুন্দর জিউর আখড়ার স্থায়ী কমিটির সভাপতি শ্রী বিজন কান্তি পাল বলেন, “এই প্রাচীনতম ও ঐতিহ্যবাহী আখড়ায় দীর্ঘদিন ধরে নানা ধর্মীয় অনুষ্ঠান হয়ে আসছে। প্রতিবছরের ন্যায় এবারও আমরা ষোল প্রহর কীর্তনের আয়োজন করেছি। দূর-দূরান্ত থেকে ভক্তদের আগমনে এটি এক মিলনমেলায় পরিণত হয়।”
স্থায়ী কমিটির সাধারণ সম্পাদক শ্রী সুবিনয় পাল বলেন, “ভক্তদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয়, সে জন্য আমরা সার্বিকভাবে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে আপ্রাণ চেষ্টা করছি।”
উৎসব কমিটির সভাপতি শ্রী পবিত্র রঞ্জন পাল বলেন, “এই তিন-চার দিনে প্রায় চার থেকে পাঁচ হাজার ভক্ত ও দর্শনার্থীর সমাগম হবে বলে আমরা আশা করছি। সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।”
অনুষ্ঠানে সন্ধ্যায় উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের শ্রী সুবাস চন্দ্র সরকার, প্রবাসী মিহির কান্তি পাল, বকুল পাল, রিংকু চন্দ্র পাল, অজয় দেব, অলক সেন, রঞ্জু চন্দ্র পাল, রান্টু চন্দ্র পালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
কীর্তন উৎসব কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যরা ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করে সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।