
নিরাপত্তা ও ভিসা জটিলতায় ভারতে বিশ্বকাপ খেলতে অনাগ্রহী বাংলাদেশ, বিকল্প ভেন্যু চায় শ্রীলংকা
আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে নিরাপত্তাঝুঁকি ও ভিসা জটিলতার কারণে ভারতের মাঠে বিশ্বকাপ খেলতে আগ্রহী নয় বাংলাদেশ। টাইগাররা পাকিস্তানের মতো শ্রীলংকায় বিশ্বকাপের ম্যাচ আয়োজনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে বলে জানা গেছে।
এদিকে, বিশ্বকাপকে ঘিরে বড় ধরনের ভিসা সংকটে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। অভিযোগ উঠেছে, ভারতীয় কর্তৃপক্ষ বিভিন্ন দেশের একাধিক ক্রিকেটারকে ভিসা দিচ্ছে না। যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডসসহ অংশগ্রহণকারী প্রায় প্রতিটি দলের কয়েকজন করে ক্রিকেটার এই ভিসা সমস্যার মুখে পড়েছেন।
কলকাতার আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বিভিন্ন দেশের মোট ৪২ জন পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারকে বিশ্বকাপ খেলতে ভিসা দিচ্ছে না ভারত। আশ্চর্যের বিষয় হলো, এদের অনেকেই এর আগে ভারতে গিয়ে আইপিএল খেলেছেন।
পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের মধ্যে রয়েছেন ইংল্যান্ডের আদিল রশিদ, রেহান আহমেদ ও সাকিব মাহমুদ, যুক্তরাষ্ট্রের আলি খান ও শায়ন জাহাঙ্গির, নেদারল্যান্ডসের জুলফিকর সাকিব, জিম্বাবুয়ের সিকান্দার রাজা। এছাড়া সংযুক্ত আরব আমিরাত, ইতালি ও কানাডার দলে থাকা পাক-বংশোদ্ভূত ক্রিকেটাররাও ভিসা জটিলতায় পড়েছেন। সব মিলিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া ৪২ জন পাক-বংশোদ্ভূত ক্রিকেটার এই সমস্যার আওতায় রয়েছেন।
সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, ভিসা সংক্রান্ত জটিলতা যেন বিশ্বকাপ আয়োজনকে প্রভাবিত না করে, সে বিষয়ে আইসিসি বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। ইতোমধ্যে ইংল্যান্ডের আদিল রশিদ, রেহান আহমেদ ও সাকিব মাহমুদ ভিসা পেয়েছেন বলেও জানা গেছে।
ভারতের ভিসা নীতি অনুযায়ী, ভিসার জন্য আবেদন করতে হলে জন্ম নেওয়া দেশের পাসপোর্ট ব্যবহার করতে হয়। ফলে এসব ক্রিকেটারকে পাকিস্তানের পাসপোর্ট ব্যবহার করে ভিসার আবেদন করতে হয়েছে, আর এখানেই মূল জটিলতার সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এই পরিস্থিতিতে নিরাপত্তা ও লজিস্টিক নিশ্চয়তার অভাবে বাংলাদেশসহ একাধিক দেশ ভারতের বাইরে বিকল্প ভেন্যুতে ম্যাচ আয়োজনের বিষয়ে আগ্রহ দেখাচ্ছে, যা বিশ্বকাপ আয়োজন নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।