
অপপ্রচার ও ষড়যন্ত্র করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না: তারেক রহমান
বিএনপিকে অপপ্রচার কিংবা ষড়যন্ত্রের মাধ্যমে দমিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, “কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যে দলের কর্মীরা অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে আপসহীন ভূমিকা রাখতে পারে, সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে দমন করা যাবে না।”
শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সভার আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’।
তারেক রহমান বলেন, গুম ও খুনের শিকার হওয়া ব্যক্তিদের দায় রাষ্ট্র কখনোই এড়াতে পারে না। তিনি আশ্বাস দিয়ে বলেন, বিএনপি ক্ষমতায় এলে গুম ও খুনের শিকার শহীদদের নামে সড়কের নামকরণ করা হবে।
তিনি আরও বলেন, “ফ্যাসিবাদী আমলের নির্যাতনের শিকার আমার সামনে বসা হাজারো প্রিয় মুখ, আপনাদের যে আত্মত্যাগ, আপনাদের বুকভরা কষ্ট—আমরা যারা আজ পেছনে রয়ে গিয়েছি, আমরা আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করব যেন এই ত্যাগ বৃথা না যায়। ইনশাআল্লাহ।”
বিএনপি চেয়ারম্যান বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা গুম হয়েছেন কিংবা শহীদ হয়েছেন, তাদের প্রতি ভবিষ্যতের গণতান্ত্রিক রাষ্ট্র ও সরকারের অনেক দায় ও দায়িত্ব রয়েছে। “রাষ্ট্র কখনোই আপনাদের ভুলে যেতে পারে না,”—বলেন তিনি।
মতবিনিময় সভায় গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং ন্যায়বিচারের দাবি জানান।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।