
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে হ্যাঁ ও না ভোট বিষয়ে অবহিতকরণ ও মতবিনিময় সভা
প্রতিবেদক: মোঃ আলমগীর কবির, নাটোর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সামনে রেখে হ্যাঁ ও না ভোট প্রদানের বিষয়টি নিয়ে একটি অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) নাটোরের বড়াইগ্রাম উপজেলার ভরতপুর পশ্চিম পাড়ায় এ সভা আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন বড়াইগ্রাম অনার্স কলেজের প্রাক্তন প্রভাষক লোকমান হাকিম। তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় ভোটাধিকার জনগণের একটি মৌলিক অধিকার। হ্যাঁ ও না ভোট প্রদানের সুযোগ ভোটারদের স্বাধীন মতামত প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, যা গণতন্ত্রকে আরও শক্তিশালী করে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বড়াইগ্রাম পৌরসভার প্রাক্তন কমিশনার ওয়াজেদ আলী। তিনি বলেন, ভোটারদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করে।
এছাড়াও সভায় বক্তব্য দেন বড়াইগ্রাম পৌরসভার সচিব মোঃ জালাল উদ্দিন, বড়াইগ্রাম অনার্স কলেজের সহকারী প্রভাষক জাহাঙ্গীর কবির মানিক এবং বড়াইগ্রাম পৌর কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান বকুল।
বক্তারা বলেন, হ্যাঁ ও না ভোট প্রদানের পদ্ধতি নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে যে বিভ্রান্তি রয়েছে, তা দূর করতে এ ধরনের অবহিতকরণ সভা কার্যকর ভূমিকা রাখছে। সভায় উপস্থিত পুরুষ ও নারী ভোটারদের সামনে হ্যাঁ ও না ভোটের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিস্তারিতভাবে তুলে ধরা হয়।
সভা শেষে বক্তারা সকল ভোটারকে নিজ নিজ ভোটাধিকার সচেতনভাবে প্রয়োগ করার আহ্বান জানান।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।