
হিলি ট্রেন ট্র্যাজেডি দিবস পালন
প্রতিবেদক: সাদ্দাম হোসেন নয়ন, হিলি
১৩ জানুয়ারি হিলি ট্রেন ট্র্যাজেডি দিবস। ১৯৯৫ সালের এই দিনে হিলি রেলস্টেশনে ঘটে যায় দেশের অন্যতম ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। সেই মর্মান্তিক ঘটনায় বহু ট্রেনযাত্রী নিহত হন এবং শতাধিক মানুষ আহত ও স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেন।
রেলওয়ে একতা ক্লাবের উদ্যোগে হিলিবাসী নিহতদের স্মরণে দিনটিকে প্রতি বছর ‘হিলি ট্রেন ট্র্যাজেডি দিবস’ হিসেবে পালন করে আসছেন। এ উপলক্ষে আজ সকাল থেকেই হিলি রেলস্টেশনে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণসহ নানা কর্মসূচি পালন করা হয়। এছাড়াও বিকেল ৪টায় স্টেশন চত্বরে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ঘটনাটি ঘটে ১৯৯৫ সালের ১৩ জানুয়ারি রাতে। রাত সাড়ে ৯টার দিকে গোয়ালন্দ থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী একটি লোকাল ট্রেন হিলি রেলস্টেশনে দাঁড়িয়ে ছিল। একই সময় বিপরীত দিক থেকে সৈয়দপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনের সঙ্গে রাত আনুমানিক ১১টার দিকে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে লোকাল ট্রেন ও আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি দুমড়ে-মুচড়ে যায়।
সরকারি হিসাব অনুযায়ী, এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ২৭ জন ট্রেনযাত্রী প্রাণ হারান এবং শতাধিক যাত্রী গুরুতর আহত হন। অনেক আহত ব্যক্তি আজও পঙ্গুত্ব নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
স্থানীয়দের দাবি, কর্তব্যরত স্টেশন মাস্টারের দায়িত্ব অবহেলার কারণেই এই মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা সংঘটিত হয়েছিল। দীর্ঘ বছর পেরিয়ে গেলেও দুর্ঘটনার স্মৃতি আজও হিলিবাসীর হৃদয়ে গভীর বেদনার ছাপ রেখে গেছে।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।