
দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় আলীকদম প্রেসক্লাবে তালা, অনির্দিষ্টকালের জন্য কার্যক্রম বন্ধ ঘোষণা
প্রতিবেদক: আব্দুল রাজ্জাক | আলীকদম
১৯৯৮ সালে প্রতিষ্ঠিত আলীকদম প্রেসক্লাবে দীর্ঘদিন ধরে কোনো নির্বাচন না হওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় কর্মরত সাংবাদিকরা। এক পক্ষের একচেটিয়া দখলদারিত্ব এবং নতুন সদস্য অন্তর্ভুক্তি ছাড়াই প্রেসক্লাব পরিচালনার অভিযোগ তুলে শনিবার (১১ জানুয়ারি ২০২৬) আলীকদম উপজেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালন করেন সাংবাদিকবৃন্দ।
মানববন্ধনে অংশগ্রহণকারী সাংবাদিকরা বলেন, প্রতিষ্ঠালগ্নে আলীকদম প্রেসক্লাব সাংবাদিকদের অধিকার ও কল্যাণে কাজ করার উদ্দেশ্যে গঠিত হলেও দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়ায় সেখানে গণতান্ত্রিক পরিবেশ ভেঙে পড়েছে। এর ফলে সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা ও মতপ্রকাশের সুযোগ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।
মানববন্ধন শেষে প্রতিবাদস্বরূপ সাংবাদিকরা আলীকদম প্রেসক্লাবের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন এবং অনির্দিষ্টকালের জন্য প্রেসক্লাবের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেন।
এ সময় সাংবাদিকদের পক্ষ থেকে আলীকদম উপজেলা পরিষদ ও আলীকদম সেনা জোনে পৃথকভাবে লিখিত অভিযোগপত্র (স্মারকলিপি) প্রদান করা হয়। অভিযোগপত্রে প্রেসক্লাবে দ্রুত সময়ের মধ্যে স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জোর দাবি জানানো হয়।
সাংবাদিকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে আলীকদম প্রেসক্লাবে গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান তারা।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।