
সম্পর্ক আরও দৃঢ় হলো: মনোহরগঞ্জে বিএনপি মিডিয়া সেল ও সাংবাদিকদের মতবিনিময় সভা
প্রতিবেদক: আলম চৌধুরী | স্টাফ রিপোর্টার, মনোহরগঞ্জ (কুমিল্লা)
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বিএনপির মিডিয়া সেলের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ জানুয়ারি ২০২৬) বিকেলে মনোহরগঞ্জ উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ সভায় কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বিএনপি মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ এবং উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সাংবাদিক নেতারা অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-৯ আসনে বিএনপির মিডিয়া সেলের প্রধান বেলালুর রহমান মজুমদার। তিনি বলেন,
“বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গণমানুষের দল। জনগণের দোরগোড়ায় রাষ্ট্রীয় সেবা পৌঁছে দেওয়া সরকারের দায়িত্ব। আমাদের প্রিয় নেতা ও এ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মো. আবুল কালাম মনোহরগঞ্জ উপজেলার মানুষের নিরাপত্তা, উন্নয়ন ও সেবা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। এক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনারাই জনগণের কাছে সঠিক তথ্য তুলে ধরেন।”
তিনি আরও বলেন, দায়িত্বে থাকাকালীন সময়ে সাংবাদিকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সকল বিষয় সমাধানের চেষ্টা করবেন এবং তাদের পেশাগত কাজে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবেন।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিক নেতারা নবগঠিত মিডিয়া সেলের নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে বলেন, সাংবাদিকরা সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে গণমানুষের কথা, সমস্যা ও প্রত্যাশা তুলে ধরেন। তারা মনোহরগঞ্জ উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে রাজনৈতিক দল, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ ও সমন্বিত পরিবেশ নিশ্চিত করার দাবিও জানান।
আলোচনায় অংশগ্রহণকারীরা একমত পোষণ করেন যে রাজনৈতিক নেতাদের সদিচ্ছা, গণমাধ্যমের সক্রিয় ও নিরপেক্ষ ভূমিকা এবং জনগণের অংশগ্রহণের মাধ্যমে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজিসহ সামাজিক অপরাধ নির্মূল করা সম্ভব। বিএনপি প্রার্থী মো. আবুল কালামের নির্বাচনী ইশতেহারেও এসব বিষয়কে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে সভায় উল্লেখ করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, দপ্তর সম্পাদক জিএম আহসান উল্লাহ, মিডিয়া সেলের সহকারী পরিচালক শহিদ উল্লাহ সোহেল, মনোহরগঞ্জ প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নেতৃবৃন্দসহ উপজেলায় কর্মরত অন্যান্য সাংবাদিকরা।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে এই মতবিনিময় সভাকে বিএনপির মিডিয়া টিম ও স্থানীয় সাংবাদিকদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।