
বদরগঞ্জে বিষাক্ত মদপানে তিনজনের মর্মান্তিক মৃত্যু
প্রতিবেদক: মোঃ শামসুজ্জামান (রিয়াদ) | বদরগঞ্জ (রংপুর)
রংপুরের বদরগঞ্জ উপজেলায় রেকটিফাইড স্পিরিট (বিষাক্ত মদ) পান করে তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের শ্যামপুর বসন্তপুর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন— মো. সোহেল মিয়া (৩০), আলমগীর (৪০) এবং জেন্দার আলী (৩০)। জেন্দার আলীর বাড়ি রংপুর সদর উপজেলার শ্যামপুর শাহপাড়া গ্রামে। অপর দুজন বদরগঞ্জ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শ্যামপুর বসন্তপুর এলাকার জয়নুল আবেদিন নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে রেকটিফাইড স্পিরিট বিক্রি করে আসছিলেন। রবিবার রাতে নিহত তিনজন তার কাছ থেকে মদ ক্রয় করে পান করেন। পরে সোমবার সকালে নিজ নিজ বাড়িতে তাদের মৃত্যু হয়।
নাম প্রকাশ না করার শর্তে বসন্তপুর এলাকার কয়েকজন বাসিন্দা জানান, অভিযুক্ত জয়নুল আবেদিন এর আগেও একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছেন। তবে জামিনে মুক্তি পেয়ে আবারও একই অবৈধ ব্যবসায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।
বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জাহিদ সরকার জানান, নিহতদের মধ্যে দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অপরদিকে, রংপুর সদর থানার অফিসার ইনচার্জ জানান, রংপুর সদর উপজেলার শাহপাড়া গ্রামের বাসিন্দা নিহত ব্যক্তির মরদেহও ময়নাতদন্তের জন্য একই হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিষাক্ত মদের অবৈধ ব্যবসার বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।