
গুরুদাসপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
প্রতিবেদক: মোঃ আলমগীর কবির, গুরুদাসপুর প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুর উপজেলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকাল ৪টায় গুরুদাসপুর উপজেলার ৩ নম্বর খুবজীপুর ইউনিয়নের রুহাই স্কুল মাঠ প্রাঙ্গণে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খাজা মঈনুদ্দিনের উদ্যোগে কর্মসূচির সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। পরে মরহুমার আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকা এবং দেশের রাজনীতিতে তাঁর অবদানের কথা স্মরণ করেন। গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. রবিউল ইসলাম বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন দেশের গণতান্ত্রিক আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ ও আপসহীন নেতা। তাঁর অবদান জাতির ইতিহাসে চিরস্থায়ী হয়ে থাকবে।”
গুরুদাসপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. শাকিল আহমেদ বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। তাঁর নেতৃত্ব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য অধ্যায়।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খাজা মঈনুদ্দিন। তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার জীবন, সংগ্রাম ও ত্যাগ নতুন প্রজন্মের রাজনীতিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।”
দোয়া মাহফিলে খুবজীপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।