
হিলিতে ধর্ষণ মামলার মূলহোতাসহ দুইজন আটক
প্রতিবেদক: সাদ্দাম হোসেন নয়ন | হিলি প্রতিনিধি
হিলিতে বাকপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার মূলহোতাসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ, র্যাব ও যৌথ বাহিনী।
যৌথ বাহিনীর পৃথক অভিযানে মামলার মূলহোতা মোস্তাককে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার গন্ধব তালতলা এলাকা থেকে এবং দ্বিতীয় আসামি মমিনুরকে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার নয়নখাল বৈদ্যপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মূলহোতা মোস্তাক হাকিমপুর উপজেলার নন্দিপুর গ্রামের মৃত মনির হোসেন মনার ছেলে। অপর আসামি মমিনুর হাকিমপুর উপজেলার হরেকৃষ্টপুর গ্রামের মৃত কাশেমের ছেলে।
হাকিমপুর থানার উপ-পরিদর্শক সুজা হোসেন জানান, গত ১৬ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার হরেকৃষ্টপুর গ্রামে ভুক্তভোগী বাকপ্রতিবন্ধী কিশোরীকে তার নানির বাড়িতে রেখে গরু আনতে মাঠে যান পরিবারের সদস্যরা। সেই সুযোগে অভিযুক্ত মোস্তাক গরুর দুধ নেওয়ার কথা বলে বাড়িতে প্রবেশ করে এবং বাড়িতে কেউ না থাকায় জোরপূর্বক কিশোরীকে ধর্ষণ করে।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে হাকিমপুর থানায় মামলা দায়ের করেন। মামলার পর যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে দুই আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিদের আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।