
মনোহরগঞ্জে মানব পাচারকারী চক্রের মূলহোতা আটক
প্রতিবেদক: আলম চৌধুরী | স্টাফ রিপোর্টার
কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলায় মানব পাচারের সঙ্গে জড়িত এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আব্দুল কাইয়ুম (৪৬)। তিনি মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার (বিপলাসার) গ্রামের মৃত হাজী আব্দুর রশিদের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি মানব পাচারকারী একটি চক্রের মূলহোতা হিসেবে এলাকায় পরিচিত বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে।
মনোহরগঞ্জ সেনা ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন মোঃ রেজওয়ান হোসেন-এর নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল উপজেলার বিপুলাসার এলাকায় এ অভিযান পরিচালনা করে। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে আব্দুল কাইয়ুমকে তার নিজ এলাকা থেকেই গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তাকে তাৎক্ষণিকভাবে মনোহরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।