
তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে বড়াইগ্রামে বিক্ষোভ, জুতা পেটা
প্রতিবেদক: মোঃ আলমগীর কবির, বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি (নাটোর)
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটুক্তির অভিযোগে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ চলাকালে নেতাকর্মীরা অভিযুক্ত ব্যক্তির প্রতিকৃতিতে জুতা পেটা ও জুতা নিক্ষেপ করেন।
বক্তারা অভিযোগ করেন, বড়াইগ্রামের বাসিন্দা আওয়ামী লীগের সাবেক এমপি ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারী তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক পোস্টে তারেক রহমানকে রুচিহীন ও অবমাননাকর ভাষায় কটুক্তি করেছেন। তাদের মতে, এ ধরনের মন্তব্য শুধু একজন রাজনৈতিক নেতাকে নয়, গণতন্ত্র ও ভিন্নমতের প্রতিও চরম অবজ্ঞার শামিল।
বিক্ষোভ সমাবেশ থেকে অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানানো হয়। বক্তারা প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তাদের বক্তব্যে আওয়ামী শাসনামলে রাজনৈতিক দমন-পীড়ন ও বিচারহীনতার সংস্কৃতি এখনও বহাল রয়েছে বলে অভিযোগ তোলা হয়।
সমাবেশে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল আজিজের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করা হয়। নাটোর সদর-১ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোঃ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার না করা হলে মাঠপর্যায়ে নেতাকর্মীদের ক্ষোভ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। তিনি প্রশাসনের প্রতি দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানান।
এ সময় তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় সাবেক উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবুকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হলেও আজ পর্যন্ত খুনিদের যথাযথ শাস্তি নিশ্চিত করা হয়নি। এটিকে আওয়ামী দুশাসনের একটি জ্বলন্ত উদাহরণ উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে এসব রাজনৈতিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বড়াইগ্রাম ও গুরুদাসপুর (নাটোর-৪) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোঃ আব্দুল আজিজ, নাটোর জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আশরাফ আলী, বনপাড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ বি এম ইকবাল হোসেন রাজু, বিএনপি নেতা মোঃ শামসুল হক রনি, বড়াইগ্রাম পৌরসভার সাবেক মেয়র ইসাহাক আলী, বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ বেলাল হোসেন। এছাড়াও বক্তব্য দেন বড়াইগ্রাম উপজেলা ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান, ছাত্রদল নেতা বিপুল ও পৌর ছাত্রদল সভাপতি মাসুম। এ সময় আরও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে আওয়ামী লীগের সাবেক এমপি ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারীর কটুক্তির প্রতিবাদ জানিয়ে তার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ করা হয়। এতে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। নাটোর জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা বিক্ষোভে অংশ নেন।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।