
আলীকদম জোন কর্তৃক অসচ্ছলদের মাঝে অনুদান প্রদান
প্রতিবেদক: আব্দুল রাজ্জাক, আলীকদম উপজেলা
বান্দরবান জেলার আলীকদম উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোনের উদ্যোগে অসুস্থ, অসহায় ও আর্থিকভাবে অসচ্ছল জনগোষ্ঠীসহ বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে মাসিক অনুদান প্রদান করা হয়েছে। এ সময় মোট দুই লক্ষ চুরাশি হাজার পাঁচশত চুয়াল্লিশ টাকা বিতরণ করা হয়।
বুধবার (৩১ ডিসেম্বর) আলীকদম জোন কর্তৃক প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি অঞ্চলে বসবাসরত জনগণের সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ, মানবিক সহায়তা প্রদান এবং সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। একই সঙ্গে সীমান্ত চোরাচালান প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে নানামুখী সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করছে আলীকদম জোন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আলীকদম জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি-এর নির্দেশনায় জোনের আওতাধীন সকল ক্যাম্পের ক্যাম্প কমান্ডারগণ নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকার আর্থিকভাবে অসচ্ছল, অসুস্থ ও অসহায় জনগোষ্ঠীসহ বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে উক্ত অনুদান প্রদান করেন।
স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ জানান, সীমান্ত চোরাচালান নিয়ন্ত্রণের পাশাপাশি সামাজিক উন্নয়নে সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগ সাধারণ মানুষের আস্থা ও সহযোগিতা আরও বৃদ্ধি করছে। বিশেষ করে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ প্রদান এবং সামাজিক নিরাপত্তা জোরদারে এই অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরিশেষে জোন কমান্ডার জানান, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা পাহাড়ি ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের উন্নয়ন, শিক্ষা সহায়তা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে। সেনাবাহিনী শুধু দেশ রক্ষায় নয়, মানবিক সহায়তার মাধ্যমে জনগণের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ী-বাঙালি সকল শ্রেণি-পেশার মানুষকে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে বসবাসের আহ্বান জানান।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।