
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, শান্তি প্রতিষ্ঠার জন্য ইউক্রেনের কোনো তাড়া নেই। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইউক্রেন যদি শান্তিপূর্ণভাবে সংঘাতের মীমাংসা করতে আগ্রহী না হয়, তাহলে মস্কো বলপ্রয়োগের মাধ্যমে তার সব লক্ষ্য অর্জন করবে।
পুতিনের উদ্ধৃতি দিয়ে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এর আগে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন স্থাপনায় ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এ হামলার প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, যখন কিয়েভ শান্তি চাচ্ছে, তখন রাশিয়া যুদ্ধ অব্যাহত রাখার ইচ্ছাই প্রকাশ করছে।
শান্তি চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে জেলেনস্কির। এই বৈঠকের আগেই পুতিন এমন কড়া বক্তব্য দিলেন।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে হোয়াইট হাউজের কাছে অনুরোধ জানানো হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এদিকে টেলিগ্রাম অ্যাপে দেওয়া এক বার্তায় ক্রেমলিন জানিয়েছে, সরেজমিন পরিদর্শনকালে রাশিয়ার সামরিক কমান্ডাররা পুতিনকে অবহিত করেছেন যে, তাদের বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলের মিরনোহ্রাদ, রোদিনিস্কে ও আর্তেমিভকা শহর এবং জাপোরিঝিয়া অঞ্চলের হুলিয়াইপোল ও স্টেপনোহির্স্ক শহর দখল করেছে।
তবে ইউক্রেনের সামরিক বাহিনী মিরনোহ্রাদ ও হুলিয়াইপোল দখলের দাবিকে ‘মিথ্যা বিবৃতি’ বলে প্রত্যাখ্যান করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানায়, উভয় এলাকার পরিস্থিতি এখনো ‘কঠিন’, তবে ইউক্রেনীয় সেনারা সেখানে প্রতিরক্ষামূলক অভিযান চালিয়ে যাচ্ছে।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।