
প্রতিবেদক: স্টাফ রিপোর্টার মোঃ আসাদুজ্জামান
মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী, মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক এবং বাংলাদেশ বিমানবাহিনীর প্রথম প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার (বীর উত্তম) আর নেই। তিনি আজ শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টা ৩৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
পারিবারিক সূত্র, তার ঘনিষ্ঠজন ও একাধিক নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। তার মৃত্যুতে দেশ হারাল মুক্তিযুদ্ধের এক সাহসী সংগঠক ও সশস্ত্র বাহিনীর এক প্রথিতযশা নেতৃত্বকে।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এ কে খন্দকার ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। স্বাধীনতা যুদ্ধ পরিচালনায় তার কৌশলগত ভূমিকা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ বিমানবাহিনী পুনর্গঠনে নেতৃত্ব দেন এবং বিমানবাহিনীর প্রথম প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
মহান মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্ব ও অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত করা হয়। তার সাহস, নেতৃত্ব ও দেশপ্রেম আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
তার ইন্তেকালে রাষ্ট্রের বিভিন্ন স্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।