
শরিফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে উত্তাল বড়াইগ্রাম, জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: মোঃ আলমগীর কবির
জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ফুঁসে উঠেছে জনতা। বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়াইগ্রাম উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) এক প্রতিবাদী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি বনপাড়া পৌরসভার হাটিকুমরুল মহাসড়কের বাইপাস চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরের পাশে এসে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা হাতে বিশাল ব্যানার বহন করেন, যেখানে লেখা ছিল— “শরিফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল”। বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা; প্রতিটি কণ্ঠে উঠে আসে ক্ষোভ, শোক ও প্রতিবাদের ভাষা।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা গভীর ক্ষোভ ও বেদনা প্রকাশ করে বলেন, শরিফ ওসমান হাদীর হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি নির্মম ও বর্বর অপরাধ। অবিলম্বে এই হত্যার নিরপেক্ষ তদন্ত করে জড়িত সকল অপরাধীকে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, একের পর এক হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় সমাজে অপরাধ বাড়ছে এবং মানুষের মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তা তৈরি হচ্ছে। বিচারহীনতার এই সংস্কৃতি বন্ধ না হলে দেশ আরও গভীর সংকটের দিকে এগিয়ে যাবে বলেও তারা সতর্ক করেন।
সমাবেশে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ, আলেম-ওলামা, সামাজিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হলেও অংশগ্রহণকারীদের কণ্ঠে ছিল ন্যায়বিচারের জোরালো দাবি।