
প্রতিবেদক: সাদ্দাম হোসেন নয়ন, হিলি
হাকিমপুরে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ। রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন।
গ্রেফতারকৃত আসামি হলেন দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার নওপাড়া এলাকার ইছহাক আলীর স্ত্রী মোছাঃ নুরছাপা (৪৮)। তার বিরুদ্ধে দিনাজপুর দায়রা জজ আদালতের মামলা নং ১৩৬৬/২৩ ও জিআর নং ৬৮/২৩ (মাদক মামলা)-এ বিজ্ঞ আদালত কর্তৃক যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে।
পুলিশ জানায়, হাকিমপুর থানা পুলিশের একটি বিশেষ দল শনিবার রাত আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। পরে রোববার দুপুরে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন বলেন, “আটক আসামির বিরুদ্ধে মাদক মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। হাকিমপুর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে এবং মাদক সংশ্লিষ্ট যেকোনো অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।”
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।