
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশে তড়িৎ প্রকৌশল বিভাগের ষষ্ঠ বার্ষিক পেপার উপস্থাপন অনুষ্ঠান উদ্বোধন
তিবেদক: হরিষ চন্দ্র দাম
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর তড়িৎ প্রকৌশল বিভাগের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক পেপার উপস্থাপন অনুষ্ঠান (APMEE 2025) উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় রাজধানীর রমনায় অবস্থিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ-এর হেডকোয়ার্টারের সেমিনার হলে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আইইবি প্রেসিডেন্ট ও রাজউকের চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম রিজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপদেষ্টা জনাব ড. চৌধুরী রফিকুল আবরার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রেজাউল করিম, নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইঞ্জিনিয়ার ইকবাল এবং আইইবি তড়িৎ প্রকৌশল বিভাগের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোতাহার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, বর্তমান বিশ্বে শিল্প ও প্রকৌশল খাত দ্রুত রূপান্তর ও পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে চলেছে। দেশের বিভিন্ন প্রান্তের গবেষক, প্রকৌশলী, শিক্ষাবিদ ও তরুণ উদ্ভাবকদের অংশগ্রহণে এই সম্মেলন জ্ঞান ও প্রযুক্তি উন্নয়নের একটি উৎকৃষ্ট মঞ্চ হিসেবে গড়ে উঠেছে, যা সত্যিই প্রশংসনীয়।
তিনি আরও বলেন, ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক্স প্রকৌশলের সমসাময়িক গবেষণা, কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য শক্তি, স্মার্ট গ্রিড, অটোমেশন ও ডেটা কমিউনিকেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণাপত্র উপস্থাপনের মাধ্যমে এই আয়োজন ভবিষ্যৎ বাংলাদেশকে আরও সমৃদ্ধ করবে বলে তিনি বিশ্বাস করেন।
ড. আবরার বলেন, প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধির জন্য গবেষণা ও উন্নয়ন (R&D) অত্যন্ত অপরিহার্য। গবেষক, প্রকৌশলী, শিল্প-পেশাজীবী ও তরুণ উদ্ভাবকদের অংশগ্রহণ সম্মেলনটিকে আরও সমৃদ্ধ করবে। তিনি আশা প্রকাশ করেন, আইইবি’র তড়িৎ প্রকৌশল বিভাগের আয়োজিত APMEE 2025-এ উপস্থাপিত গবেষণাগুলো কেবল একাডেমিক পরিসরে সীমাবদ্ধ থাকবে না; বরং শিল্পখাত, নীতি-নির্ধারণী সংস্থা এবং জাতীয় উন্নয়ন পরিকল্পনায় বাস্তব প্রয়োগের পথ প্রশস্ত করবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইইবি’র সেক্রেটারি জেনারেল প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাব্বির মোস্তফা খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন তড়িৎ প্রকৌশল বিভাগের সেক্রেটারি ইঞ্জিনিয়ার উমাসা উমায়ুন মনি চৌধুরী এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বিভাগের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ মনিরুল মওলা।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।