
নাটোরের বড়াইগ্রামে সুদ ও চেক প্রতারণার অভিযোগে আইনজীবীর বিরুদ্ধে মানববন্ধন
প্রতিবেদক: মোঃ আলমগীর কবির, নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় সুদ ও চেক সংক্রান্ত প্রতারণার অভিযোগে এক আইনজীবীর বিরুদ্ধে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, সুদের ফাঁদ ও চেক সংক্রান্ত কৌশলের মাধ্যমে সহজ-সরল মানুষকে জড়িয়ে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হচ্ছে।
ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, নাটোর জেলা আইনজীবী সমিতির সদস্য ও বড়াইগ্রাম উপজেলার হারোয়া গ্রামের বাসিন্দা অ্যাডভোকেট আব্দুর রশিদ দীর্ঘদিন ধরে চড়া সুদের বিনিময়ে অর্থ লেনদেন করে পরে চেক সংক্রান্ত জটিলতা সৃষ্টি করে সাধারণ মানুষকে আইনি হয়রানির মুখে ফেলছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী তাইজুল ইসলাম, আব্দুল মোতালেব, অপু, মো. সেলিম ও মো. মফিজ উদ্দিন। তারা জানান, অভিযুক্ত আইনজীবীর কর্মকাণ্ডে বহু পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেকেই চরম মানসিক চাপের মধ্যে জীবনযাপন করছেন।
বক্তারা আরও বলেন, একজন আইনজীবীর মাধ্যমে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড সমাজে আইন পেশার সুনাম ও মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করছে। তারা দ্রুত ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে অভিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রশিদের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
নাটোর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট টগর মুঠোফোনে জানান, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে। তিনি আরও জানান, অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ইতোমধ্যে তাকে শোকজ নোটিশ প্রদান করা হয়েছে।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।