
নীলফামারীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন
প্রতিবেদক: ওমর ফারুক সাবু, জেলা প্রতিনিধি
নীলফামারীতে বিশ্ব মানবাধিকার দিবস–২০২৫ উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন জেলা কমিটির উদ্যোগে সোমবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে নানা কর্মসূচি। বর্ণাঢ্য শুভেচ্ছা র্যালি, আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনার মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়। এতে সাধারণ মানুষের উল্লেখযোগ্য উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
সকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র্যালিতে মানবাধিকার কর্মী, সাংবাদিক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা কমিটির সভাপতি আল আমিন ইসলাম।
বক্তারা বলেন, “মানবাধিকার রক্ষা রাষ্ট্র পরিচালনার অন্যতম মৌলিক ভিত্তি। একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে।”
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহাদাৎ হোসেন (শাওন), নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত), আইনী সহায়তা কেন্দ্র—আসক ফাউন্ডেশন। তিনি বলেন,
“মানবাধিকার শুধুই একটি দিবস নয়—এটি মানুষের জন্মগত অধিকার। নীলফামারীতে মানবিক সহায়তা ও আইনী সেবা আরও জোরদার করা হবে।”
এছাড়াও সোহেল ওয়াসিক, লিংকন পাল (পরিচালক, কেন্দ্রীয় কমিটি—আসক), লায়ন্স মোঃ হিলু (মহাসচিব, জাতীয় সাংবাদিক সংস্থা) স্থানীয় সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।
যদিও কয়েকজন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা উপস্থিত হওয়ার কথা ছিল, কর্মব্যস্ততার কারণে তারা উপস্থিত হতে পারেননি বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
অনুষ্ঠানের শেষ পর্বে মানবাধিকারে বিশেষ অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়। আয়োজকদের মতে, এ আয়োজন মানবাধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।