
গৃহকর্মীর ছদ্মবেশে নৃশংস হত্যাকাণ্ড — মা ও কিশোরী মেয়েকে হত্যা করে পালাল যুবতী
প্রতিবেদক: মোঃ ফরিদ হোসেন, গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে ঘটে গেছে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ড। চার দিন আগে বোরখা পরে কাজের সন্ধানে একটি পরিবারে প্রবেশ করা এক যুবতীই যে পরবর্তীতে ভয়াবহ হত্যার মূল অভিযুক্ত—তা কেউ কল্পনাও করতে পারেনি।
“আপা, আমাকে কাজ দিন”—এই সাদামাটা অনুরোধে ঘরে প্রবেশের সুযোগ পেয়েই যুবতী নৃশংসতা চালায়।
স্থানীয় সূত্র জানায়, পরিকল্পিতভাবে ওই যুবতী প্রথমে পনেরো বছর বয়সী কিশোরীকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে, এরপর নির্মমভাবে হত্যা করে কিশোরীর মাকে। হত্যার পর আলামত নষ্ট করতে ঘরের বিভিন্ন জিনিসপত্র মুছে ফেলে, ব্যবহৃত অস্ত্র ধুয়ে ফেলে এবং যোগাযোগ বিচ্ছিন্ন করতে ফোনের তার কেটে দেয়।
আরও চাঞ্চল্যকর তথ্য হলো—পালানোর সময় যুবতী নিহত কিশোরীর স্কুল ড্রেস পরে, তার ব্যাগ কাঁধে নিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বেরিয়ে যায়। ছদ্মবেশে থাকায় আশপাশের কেউ তাকে সন্দেহও করেনি।
ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকাজুড়ে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।
অভিযুক্ত যুবতীকে শনাক্ত ও গ্রেফতার করতে পুলিশের বিশেষ টিম ইতোমধ্যে অভিযান শুরু করেছে।
পুলিশের ধারণা, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ডও হতে পারে—তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।