
নবীনগরের জনবান্ধব ইউএনও রাজীব চৌধুরীর বদলি—১৩ মাসের কর্মদক্ষতায় স্মরণীয় হয়ে থাকলেন জনগণের কাছে
প্রতিবেদক: আরিফুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া নবীনগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও উদ্ভাবনী নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরীকে বদলি করে খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। মাত্র ১৩ মাস দায়িত্ব পালন করে উন্নয়ন, শৃঙ্খলা ও সেবার মান বাড়িয়ে তিনি নবীনগরবাসীর হৃদয়ে এক বিশেষ স্থান তৈরি করেছেন।
২০২৪ সালের ২৪ অক্টোবর নবীনগরে যোগদানের পর থেকেই বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, সেবা নিশ্চিতকরণ এবং সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে তিনি সর্বমহলে প্রশংসিত হন।
উপজেলায় যোগ দিয়েই পৌর প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করে তিনি প্রথমেই হাত দেন নবীনগর শহরঘেঁষা তিতাস নদীর শাখা বড়ী নদীর তীর পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে। দীর্ঘদিনের জমে থাকা আবর্জনা সরিয়ে নদীপাড়ের সৌন্দর্য পুনরুদ্ধারে তিনি তৈরি করেন নতুন দৃষ্টান্ত। পাশাপাশি ডাম্পিং স্পট স্থানান্তর, ডাস্টবিন বসানো এবং নদীপাড়জুড়ে ২০টি সিসি ক্যামেরা স্থাপন করে নিরাপত্তা ও সচেতনতা নিশ্চিত করেন।
যানজটমুক্ত নবীনগর গড়তে মাঝিকাড়া ব্রিজ—কলেজপাড়া—হাসপাতাল—পশ্চিমপাড়া হয়ে একটি বিকল্প সড়ক চালু করে শহরের দীর্ঘদিনের যানজট সমস্যায় স্বস্তি আনেন। পৌর এলাকায় যানজট নিয়ন্ত্রণে ইউনিফর্মধারী ২০ জন ভিডিপি সদস্য নিয়োগ দেন এবং কলেজ রোডের কাজ দ্রুত সম্পন্নে কার্যকর পদক্ষেপ নেন।
তাঁর কর্মদক্ষতার আরেক অনন্য দৃষ্টান্ত দেখা যায় সড়ক উন্নয়ন কার্যক্রমে। দায়িত্ব নেওয়ার মাত্র সাত দিনের মাথায় বন্ধ থাকা আশুগঞ্জ–নবীনগর সড়কের কাজ পুনরায় শুরু করাতে ব্যতিক্রমী ভূমিকা রাখেন তিনি। বুয়েটের প্রাক্তন প্রকৌশলী হিসেবে নিজের পেশাগত যোগাযোগ ব্যবহার করে সড়ক বিভাগকে সক্রিয় করেন—যা জনসাধারণের কাছে ব্যাপক প্রশংসা পায়।
রাজীব চৌধুরী ছিলেন জনগণের কাছে সহজপ্রাপ্য। যেকোনো সমস্যা জানালে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নিতেন। সিন্ডিকেট ভাঙতে গণশুনানি আয়োজন করে আলীয়াবাদ–কাউতলী রুটে সিএনজির ভাড়া কমান এবং জেলা প্রশাসনের সহায়তায় চালু করেন ন্যায্য ভাড়ার বাস সার্ভিস—যা কয়েক বছরের দুর্ভোগ দূর করে।
শিক্ষা খাতেও ছিল তাঁর উদ্ভাবনী ভূমিকা। শিক্ষা প্রতিষ্ঠানের দীর্ঘদিনের জটিল সমস্যাগুলোর সমাধান করেন বুদ্ধিমত্তার সাথে। ভবিষ্যৎ পরিকল্পনায় ছিল মেধা বিকাশ পরিষদ গঠন, ভূমি বিষয়ে বেসিক কোর্স চালু এবং মাদ্রাসাগুলোতে আরবি ল্যাঙ্গুয়েজ ক্লাব প্রতিষ্ঠা—যার কার্যক্রম ইতোমধ্যে তিনটি মাদ্রাসায় চালু হয়েছে।
মাত্র ১৩ মাসের দায়িত্বকাল বিশ্লেষণ করলে স্পষ্ট হয়—রাজীব চৌধুরী রুটিন চাকরির বাইরে গিয়ে মানবিক নেতৃত্ব, উদ্ভাবনী চিন্তা ও অংশগ্রহণমূলক প্রশাসনের উদাহরণ সৃষ্টি করেছেন। তাঁর বদলির খবরে নবীনগরের সর্বস্তরের জনসাধারণ নতুন দায়িত্বে আরও সাফল্য কামনা করেছেন।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।