
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা কৃষকদলের কমিটি গঠনে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন
প্রতিবেদক: মোঃ রেজাদুল ইসলাম রেজা, জেলা প্রতিনিধি গাইবান্ধা
গাইবান্ধা — পলাশবাড়ী উপজেলা কৃষকদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহবায়ক, যুগ্ম আহবায়কসহ আহবায়ক কমিটির একাধিক নেতা। সোমবার (২৩ নভেম্বর ২০২৫) রাত সাড়ে ৮টায় পলাশবাড়ী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এসব অভিযোগ তুলে ধরেন।
বক্তারা অভিযোগ করেন, উপজেলা কৃষকদলের আহবায়ক মোঃ আশরাফুল আলম ও সদস্য সচিব শাহ মোসলেহ উদ্দিন বিজন গঠনতন্ত্রবিরোধীভাবে ভুয়া ইউনিয়ন ও উপজেলা কমিটি ঘোষণা করেছেন। ২০২৩ সালের ১৫ মে অনুমোদন পাওয়া আহবায়ক কমিটি আজ পর্যন্ত কোনো পরিচিতি সভা কিংবা নিয়মিত বৈঠক ডাকেনি—ফলে নেতাকর্মীরা সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুযোগ থেকেও বঞ্চিত হয়েছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ৪টিতে সিনিয়র যুগ্ম আহবায়ক ও যুগ্ম আহবায়কদের অজ্ঞাতেই গোপনে কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটি গঠনে অর্থ লেনদেনের অভিযোগও তোলা হয়। বক্তাদের দাবি—অনেক ইউনিয়নে সম্মেলন ছাড়াই কমিটি ঘোষণা করা হয়েছে এবং অধিকাংশ এলাকায় কোনো সাংগঠনিক কার্যক্রমই পরিচালিত হয়নি।
নেতারা জানান, হঠাৎ করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পান পলাশবাড়ী উপজেলা কৃষকদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়েছে। অথচ এ বিষয়ে কমিটির সিনিয়র নেতৃবৃন্দের মতামত নেয়া হয়নি। সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ বাহারুল ইসলাম ও প্রচার সম্পাদক মোঃ ওয়াসিম মিয়ার ফেসবুক পোস্ট থেকেই বিষয়টি প্রথম জানতে পারেন তারা। বক্তারা অভিযোগ করেন—এভাবে গঠিত কমিটি গঠনতন্ত্রবিরোধী ও অগ্রহণযোগ্য।
তারা ঘোষিত কমিটি বাতিল করে ত্যাগী, নির্যাতিত ও যোগ্য নেতাকর্মীদের নিয়ে স্বচ্ছ ও গণতান্ত্রিক সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানান। তাদের মত—প্রকৃত নেতৃত্বকে উপেক্ষা করলে সাংগঠনিক কার্যক্রম ফলপ্রসূ হবে না। তাই দ্রুত সম্মেলনের মাধ্যমে সাংগঠনিক বিশৃঙ্খলা দূর করতে জেলা ও কেন্দ্রীয় কৃষকদলের প্রতি আহ্বান জানান তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা বলেন, দলকে শক্তিশালী ও গতিশীল করতে হলে তৃণমূলের মতামতকে সম্মান দিয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় কমিটি গঠন অত্যন্ত জরুরি।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।