
প্রতিবেদক: জাহিদুল ইসলাম, পিরোজপুর জেলা প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় যুবদল নেতার উদ্যোগে স্বেচ্ছাশ্রমে ১১৪ ফুট দীর্ঘ একটি জরাজীর্ণ সেতু মেরামত করে চলাচলের উপযোগী করা হয়েছে। উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের গোলবুনিয়া ও বেতমোর রাজপাড়া ইউনিয়নের জানখালী গ্রামের সীমান্তবর্তী সাংরাইল খালের ওপর থাকা সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে সেতুটি সংস্কার করেন যুবদল নেতা এ আর মামুন খান, যিনি কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক।
রোববার (২৩ নভেম্বর) সেতুটির মেরামতকাজ শেষে উদ্বোধন করেন এ আর মামুন খান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সদস্যসচিব তাহসিন জামান রুমেল, সাবেক যুগ্ম আহ্বায়ক আবু হানিফ হাওলাদারসহ আরও অনেকে।
স্থানীয় সূত্র জানায়, ২০০৭ সালের ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডরের সময় সেতুটির পাটাতন ক্ষতিগ্রস্ত হয়। এরপর দীর্ঘ ১৮ বছরেও কোনো জনপ্রতিনিধি সেতুটি সংস্কারে এগিয়ে আসেননি। সিডরের পর থেকে রড ও সিমেন্টের স্লাব ভেঙে গিয়ে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। প্রায় ১৪ বছর আগে সব স্লাব ভেঙে গেলে সুপারিগাছের বিমের ওপর দিয়ে জীবন ঝুঁকিতে পারাপার করতেন স্থানীয় বাসিন্দারা। পরে বিষয়টি নজরে এলে আমড়াগাছিয়া ইউনিয়নের যুবদলকর্মীরা স্বেচ্ছাশ্রমে সেতুটি মেরামতের উদ্যোগ নেন।
স্থানীয় কৃষক মো. আলমগীর হোসেন বলেন, “সেতু না থাকায় আমাদের চরম কষ্ট পোহাতে হতো। গ্রামের মানুষ চাঁদা তুলে অস্থায়ী বাঁশের সাঁকো বানাত। এবার যুবদলের নেতারা নিজেদের টাকায় মজবুত সেতু তৈরি করে দিয়েছেন। এখন রিকশা–সাইকেলও চলতে পারবে। রাজনৈতিক নেতাকর্মীদের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম আজাদ জানান, সেতুটি সংস্কার হওয়ায় এলাকার কয়েক হাজার মানুষের উপকার হয়েছে।
মঠবাড়িয়া উপজেলা যুবদলের সাবেক সদস্যসচিব তাহসিন জামান রোমেল বলেন, “নিজ এলাকার মানুষের দুর্ভোগ জানার পর যুবদল নেতা মামুন খানের সহযোগিতায় আমরা কাঠের তক্তা দিয়ে সেতুটি মেরামত করেছি। এক সপ্তাহ ধরে মিস্ত্রির সঙ্গে নেতাকর্মী সবাই স্বেচ্ছাশ্রমে কাজ করেছেন।”
যুবদল নেতা এ আর মামুন খান বলেন, “যুবদল সবসময় জনগণের পাশে থাকে। উন্নয়ন শুধু সরকারের কাজ নয়—মানুষের সেবায় স্বেচ্ছাশ্রমে এগিয়ে আসাও দেশপ্রেমের অংশ।”
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।