
খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন ছড়িয়ে পড়েছে — মেডিকেল বোর্ডের উদ্বেগ
প্রতিবেদক: মোঃ আসাদুজ্জামান, স্টাফ রিপোর্টার
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বুকে (চেস্ট), হার্ট ও ফুসফুসে ইনফেকশন ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী।
রোববার (২৩ নভেম্বর) রাতে বেগম জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানাতে গিয়ে তিনি বলেন, খালেদা জিয়ার চেস্টে ইনফেকশন রয়েছে এবং এর প্রভাবে তার হার্ট ও ফুসফুসও আক্রান্ত হয়েছে। আগামী ১২ ঘণ্টা তাকে নিবিড়ভাবে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে রাখা হবে বলেও তিনি জানান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বেগম জিয়াকে কতদিন হাসপাতালে থাকতে হবে তা এখনই নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। তার শারীরিক অবস্থার ওপরই পরবর্তী সিদ্ধান্ত নির্ভর করবে।
এর আগে রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর ফিরোজা বাসভবন থেকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় খালেদা জিয়াকে। বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার জন্যই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন।
সর্বশেষ শুক্রবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন বিএনপি চেয়ারপারসন। মেডিকেল বোর্ডের পরামর্শেই তিনি ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বলে জানান তার প্রেস উইং।
এদিকে সকল পরীক্ষা-নিরীক্ষা শেষে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে। তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।