
প্রতিবেদক: আরিফুর ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া (নবীনগর) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ২নং ওয়ার্ডের পশ্চিমপাড়ায় আল হাসান আল হোসাইন জামে মসজিদের মালিকানা, মসজিদের মালামাল স্থানান্তর ও নগদ অর্থ আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় আজ শুক্রবার (জুমার নামাজের পর) মসজিদ প্রাঙ্গণে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোজাম্মেল হক। এসময় বক্তব্য দেন সাধারণ সম্পাদক হান্নান মহুরী ও ক্যাশিয়ার জীবন মিয়া।
📌 দ্বন্দ্বের পটভূমি
স্থানীয় সূত্র জানায়, ২০২০ সালে ব্যাংকার জাকারিয়া পারভেজের পৈতৃক সম্পত্তির ওপর প্রায় ৫ শতক জায়গায় এলাকাবাসীর সহযোগিতায় একটি টিনশেড মসজিদ নির্মাণ করা হয়। কিন্তু মসজিদ নির্মাণের পর থেকেই জাকারিয়া পারভেজ ও তার পরিবার মসজিদের জায়গার মালিকানা দাবি করে আসছেন এবং জায়গাটি মসজিদের নামে ওয়াকফা করতেও অনীহা প্রকাশ করছেন।
এ অবস্থায় এলাকার অপর বাসিন্দা হানিফ মিয়া তার নিজ পৈতৃক ৫ শতক জমি মসজিদের নামে ওয়াকফা করেন। পরে মুসল্লিরা পারভেজ পরিবারের পাশের পুরনো মসজিদের স্থাপনা ভেঙে নতুন দানকৃত জায়গায় স্থানান্তরের উদ্যোগ নিলে পারভেজ পরিবার তাতে বাধা দেয়।
📍 প্রশাসনের ভূমিকা ও স্থানীয়দের অভিযোগ
এলাকাবাসী জানান, বিষয়টি নবীনগর উপজেলা প্রশাসনকে অবহিত করা হলেও এখনো কার্যকর সমাধানের দেখা মেলেনি।
সভাপতি মোজাম্মেল হক বলেন—
“আমরা মসজিদের যাবতীয় মালামাল স্থানান্তর ও ব্যাংকে আটক থাকা অর্থ উত্তোলনের অনুমতি চাই। আমাদের দাবি, প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে মসজিদ শান্তিপূর্ণভাবে পরিচালনার ব্যবস্থা করবে।”
এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যেন আল হাসান আল হোসাইন জামে মসজিদ ঘিরে চলমান বিরোধের অবসান ঘটে।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।