
সৌদি প্রো লিগে তারকাদের আগমন ধারাবাহিকভাবেই চলছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন তরুণ ফরাসি প্রতিভা রায়ানে মেসি। আরবের ক্লাব এসসি নিওম আনুষ্ঠানিকভাবে তাকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে। তিনি ফ্রান্সের ক্লাব আরসি স্ট্রাসবুর্গ থেকে ধারে যোগ দিয়েছেন। চুক্তির মেয়াদ চলতি মৌসুমের শেষ পর্যন্ত।
সৌদি প্রো লিগে বড় তারকাদের পাশাপাশি তরুণ প্রতিভাদের দিকেও নজর দিচ্ছে ক্লাবগুলো। বিশেষ করে ফরাসি বাজারে তাদের আগ্রহ চোখে পড়ার মতো। গত গ্রীষ্মে নাথান জেজে, সাইমন বুয়াব্রে ও ভ্যালেন্টিন আতাঙ্গানার মতো তরুণ ফুটবলাররাও সৌদিতে পাড়ি জমান।
জানুয়ারির শীতকালীন দলবদলেও সেই ধারা অব্যাহত থাকে। মোহামেদ কাদের মেইতে ও জর্জ ইলেনিখেনার পর এবার সৌদি লিগে এলেন ১৮ বছর বয়সী রায়ানে মেসি। তিনি ফ্রান্স যুব দলের নিয়মিত সদস্য হিসেবে পরিচিত।
ধারের এই চুক্তিতে মৌসুম শেষে তার মেয়াদ শেষ হবে। চুক্তিতে স্থায়ীভাবে কেনার সুযোগ রয়েছে কি না, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।
এর আগে চলতি মৌসুমের শুরুতে মেসি ফ্রান্সের লিগ টু ক্লাব পউ এফসি-তে ধারে খেলেন। সেখানে ১৪ ম্যাচে তিনি দুটি গোল করেন।
তরুণ এই ফরোয়ার্ড সৌদি প্রো লিগে কেমন পারফরম্যান্স দেখান, সেদিকেই এখন নজর ফুটবলপ্রেমীদের।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।