
ভারত–পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা, আবেগ আর স্নায়ুচাপের লড়াই। আজ টি–টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। দলীয় লড়াইয়ের পাশাপাশি কয়েকটি ব্যক্তিগত দ্বৈরথও বাড়িয়ে দিচ্ছে ম্যাচের রোমাঞ্চ। চলুন নজর রাখা যাক পাঁচটি গুরুত্বপূর্ণ লড়াইয়ে—
এশিয়া কাপে তিন ম্যাচে শাহিনের বিপক্ষে ১৯ বলে ৩৬ রান করেছেন অভিষেক। স্ট্রাইক রেট ১৮৯.৫। এখনো তাকে আউট করতে পারেননি পাকিস্তানের এই পেসার। বিশ্বকাপে শাহিনের সামনে সুযোগ—পুরোনো হিসাব চুকানোর।
বুমরাহর ৩৪ বলে ৫১ রান করেছেন ফারহান, স্ট্রাইক রেট ১৫০। ছয় চার ও তিন ছক্কা হাঁকিয়েছেন। এখনো তাকে আউট করতে পারেননি বুমরাহ। বিশ্বমঞ্চে আবারও কি একই আধিপত্য দেখাবেন ফারহান, নাকি ঘুরে দাঁড়াবেন ভারতীয় পেস তারকা?
পাকিস্তানের ব্যাটিংয়ের ভরসা বাবর আজম। টি-টোয়েন্টিতে বরুণের ১৩ বলে ১৭ রান করেছেন তিনি, আউট হননি একবারও। তবে স্ট্রাইক রেট খুব বেশি নয় (১৩০.৮)। রহস্যময় স্পিনে বাবরকে আটকাতে পারেন কি না, সেটিই বড় প্রশ্ন।
৩৬০ ডিগ্রি শট খেলার জন্য পরিচিত সূর্যকুমার। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচজয়ী ইনিংস খেলে আত্মবিশ্বাসী তিনি। অন্যদিকে এবারের বিশ্বকাপে পাকিস্তানের তুরুপের তাস উসমান তারিক। তার অদ্ভুত বোলিং অ্যাকশন ব্যাটারদের বিভ্রান্ত করে। প্রথমবারের মতো মুখোমুখি এই দুই ক্রিকেটার—দেখার বিষয় কে কাকে ছাপিয়ে যান।
দুই দলের দুই গুরুত্বপূর্ণ অলরাউন্ডার। হার্দিকের পাঁচ বলে ১২ রান করেছেন ফাহিম, আর ফাহিমের দুই বলে দুই রান হার্দিকের। ব্যাট হাতে ফিনিশার, বল হাতে ডেথ ওভারের ভরসা—এই দ্বৈরথ ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে।
ভারত–পাকিস্তান ম্যাচ মানেই তারকার জন্ম। আজকের মহারণে কে হবেন নায়ক—তা জানতেই চোখ থাকবে পুরো ক্রিকেটবিশ্বের।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।