
নাটোরের বড়াইগ্রামে শ্রমিক সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা
প্রতিবেদক: মোঃ আলমগীর কবির, নাটোর জেলা প্রতিনিধি।
নাটোরের বড়াইগ্রামে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ জানুয়ারি (শুক্রবার) বড়াইগ্রাম পৌর এলাকার বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে আয়োজিত এ ধর্মীয় কর্মসূচিতে শ্রমিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবহন শ্রমিক ইউনিয়ন লক্ষ্মীকোল শাখার সভাপতি মোঃ জিল্লুর রহমান। দোয়া মাহফিল পরিচালনা করেন লক্ষ্মীকোল ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সানোয়ার হোসেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পৌর শ্রমিক দল বড়াইগ্রামের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন ইমারতের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ইজিবাইক শ্রমিক সমিতির সাবেক সভাপতি মোঃ সুরুজ আলী, সিএনজি মালিক সমিতির সভাপতি আফসার আলী, ট্রাক ও লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আনসার আলীসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে বিশেষ দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, গণতান্ত্রিক পরিবেশের পুনঃপ্রতিষ্ঠা এবং শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার ও কল্যাণ কামনা করা হয়।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শ্রমিকদের মর্যাদা, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে একটি দায়িত্বশীল জাতীয় সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন বলেও তারা মত প্রকাশ করেন।
দোয়া মাহফিল শেষে আয়োজকরা বলেন, আল্লাহ তাআলা যেন মরহুমার রুহের মাগফিরাত দান করেন এবং তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। পাশাপাশি মানবিক মূল্যবোধ ও শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।