
অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি: ২০ হাজার টাকা জরিমানা
প্রতিবেদক: মোঃ জাকির হোসেন, বিশেষ প্রতিনিধি
নোয়াখালীর সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার দত্তবাড়ি মোর এলাকায় অবস্থিত এলপিজি গ্যাস পরিবেশক প্রতিষ্ঠান মেসার্স নীড় এন্টারপ্রাইজে এই অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে গ্যাস বিক্রির প্রমাণ পাওয়া যায়।
অভিযান সূত্রে জানা যায়, ১২ কেজি ওজনের একটি এলপিজি গ্যাস সিলিন্ডারের সরকার নির্ধারিত মূল্য ১ হাজার ২৫৩ টাকা হলেও নীড় এন্টারপ্রাইজ তা ১ হাজার ৪৫০ টাকায় বিক্রি করছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে সরকার নির্ধারিত মূল্যের বাইরে গ্যাস বিক্রি না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
একই অভিযানে দত্তেরহাট এলাকায় অবস্থিত মেসার্স স্ট্যান্ডার্ড বেকারিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত এবং উৎপাদিত কেকের মোড়কে মেয়াদ উল্লেখ না করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আসাদুল ইসলাম জানান, অর্থদণ্ড আরোপের পাশাপাশি সংশ্লিষ্ট অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানকেও সতর্ক করা হয়েছে। একই সঙ্গে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দোকানদারদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। অভিযানে জেলা বিশেষ টাস্কফোর্সের সদস্য এবং জেলা ব্যাটালিয়ন আনসারের একটি দল অংশগ্রহণ করে।
তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।