
প্রতিবেদক: স্টাফ রিপোর্টার
বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) আসন থেকে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে খালেদা জিয়ার নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম-এর কাছ থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেন।
এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হেলাল, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র উত্তোলনের সময় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় চত্বরে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত হয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, “আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) আসন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ নেবেন। আমরা তার পক্ষে মনোনয়নপত্র উত্তোলনের জন্য এসেছিলাম এবং আজ তা সংগ্রহ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই মনোনয়নপত্র যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।”
তিনি আরও বলেন, “এই আসন থেকে খালেদা জিয়া টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবার আমরা তাকে সর্বোচ্চ ভোট উপহার দিতে চাই। এলাকার মানুষ তাকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।”
মনোনয়নপত্র উত্তোলনের আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন বায়তুল মামুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুনছুরুল হক।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।