
ওসমান হাদির ওপর গুলি হামলার প্রতিবাদে হিলিতে বিএনপির বিক্ষোভ মিছিল
প্রতিবেদক: সাদ্দাম হোসেন নয়ন, হিলি প্রতিনিধি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর সন্ত্রাসীদের গুলি হামলার প্রতিবাদে দিনাজপুরের হিলিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সোমবার হিলির বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হিলি বন্দরের চারমাথা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা, পৌর এবং তিনটি ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন—
“হাদি ভাইয়ের ওপর গুলি কেন, প্রশাসন জবাব চাই”,
“হাদি ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে”,
“হৈই হৈই রৈই রৈই, খুনি হাসিনা গেলি কৈই”।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, জুলাইয়ের অন্যতম আন্দোলনকারী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর সুপরিকল্পিতভাবে সন্ত্রাসীরা গুলি চালিয়েছে। তারা দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান।
সমাবেশে হাকিমপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফেরদৌস রহমান বলেন, “জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর পরিকল্পিতভাবে গুলি চালানো হয়েছে। এর পাশাপাশি চট্টগ্রামেও একজনের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে হাকিমপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিনেই প্রকাশ্যে গুলি করে হামলার ঘটনায় আমরা শঙ্কিত। তাই দেশে গণতন্ত্র ফিরে আসা ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ গণতন্ত্রকামী সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।”
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।