
গাজীপুর সিটি কর্পোরেশনের নাগরিক সেবা উন্নয়নে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা
প্রতিবেদক: মোঃ ফরিদ হোসেন, গাজীপুর প্রতিনিধি
গাজীপুর সিটি কর্পোরেশনের নাগরিক সেবার মানোন্নয়ন, চলমান উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মুহাম্মদ সোহেল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সাংবাদিকরা অংশ নেন।
সভায় বক্তারা গাজীপুর নগরীর অবকাঠামো উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, ট্রাফিক ব্যবস্থা, ডিজিটাল সেবা সম্প্রসারণসহ নাগরিক সুবিধা বৃদ্ধির নানা উদ্যোগের অগ্রগতি তুলে ধরেন। প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, গাজীপুরকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও প্রযুক্তিনির্ভর মহানগর হিসেবে গড়ে তুলতে সিটি প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নাগরিক ভোগান্তি কমাতে নতুন প্রকল্প গ্রহণ এবং পূর্ববর্তী প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়নে সিটি কর্পোরেশনের প্রতিশ্রুতির কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।
স্থানীয় সাংবাদিকরা তাঁদের বক্তব্যে নগরবাসীর নানা সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তারা বলেন, গণমাধ্যম ও প্রশাসনের সমন্বিত সহযোগিতার মাধ্যমে গাজীপুরকে আরও বাসযোগ্য, নিরাপদ ও উন্নত শহর হিসেবে গড়ে তোলা সম্ভব।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।