
পিরোজপুরে খাল খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু
প্রতিবেদক: জাহিদুল ইসলাম, পিরোজপুর জেলা প্রতিনিধি
পিরোজপুর পৌরসভার সিআইপাড়া চাঁনমাড়ী খাল পরিষ্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে পিরোজপুর পৌরসভার উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, পিরোজপুর জেলা প্রশাসকের বাসভবন সংলগ্ন চাঁনমাড়ী খাল থেকে পরিষ্কার ও উচ্ছেদ অভিযান কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর পৌরসভার পৌর প্রশাসক ইসরাত জাহান, পৌরসভার কর্মকর্তা ও স্বেচ্ছাসেবী সংগঠন পজিটিভ পিরোজপুরের প্রতিনিধি।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খালটি বিভিন্ন ময়লা আবর্জনায় ভরছিল। যার ফলে মশা-মাছি বেড়ে গিয়েছিল এবং দুর্গন্ধে ভরা ছিল, যা মানুষের জন্য ক্ষতিকর। খালটি খননের মাধ্যমে ময়লা আবর্জনা দূর হবে, অবৈধ দখলমুক্ত হবে এবং খালটি পুনরায় তার প্রাকৃতিক রূপ ফিরে পাবে।
স্থানীয়দের মতে, এই উদ্যোগে জনস্বাস্থ্য ও পরিবেশের উন্নয়ন হবে এবং এলাকার পানির প্রবাহ পুনরুদ্ধার সম্ভব হবে।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।