
পিরোজপুরে ইয়াবা মামলায় মায়ের যাবজ্জীবন, দুই সন্তানের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
প্রতিবেদক: জাহিদুল ইসলাম, পিরোজপুর জেলা প্রতিনিধি
পিরোজপুর — পিরোজপুরে মাদক মামলায় এক মায়ের যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সাজা দিয়েছেন আদালত। একই মামলায় তার এক ছেলে ও মেয়েকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
রায়ে মায়ের পাশাপাশি তার ছেলে মেহেদী হাসান মুন্নাকে (১৯) এক বছর ৯ মাস কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা এবং মেয়ে ইকতার জাহান তিশাকে (২২) এক বছর ৬ মাস কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই মামলায় অন্য ছেলে সাইফুল ইসলাম পায়েল (২৬) কে খালাস দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা কাউখালীর শিয়ালকাঠী গ্রামের মো. খলিলুর রহমানের স্ত্রী শারমীন আক্তার (৪৫) ও তার দুই সন্তান।
ঘটনার বিবরণ:
২০২২ সালের ২ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পিরোজপুর জেলা পরিদর্শক মো. বদরুল হাসানের নেতৃত্বে কাউখালী উপজেলার শিয়ালকাঠী গ্রামে অভিযান চালানো হয়। এ সময় আসামিদের কাছ থেকে ৮,৫০০ পিস ইয়াবা ও ২ লাখ ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে চারজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে তিনজনকে দোষী সাব্যস্ত করে আদালত এ রায় প্রদান করেন।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আকন এবং আসামিপক্ষে ছিলেন অ্যাড. আহসানুল কবির বাদল।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।