
কাশিমপুরে সেনাবাহিনীর অভিযানে ছয় হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
প্রতিবেদক: মোঃ ফরিদ হোসেন, গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কাশিমপুরে সেনাবাহিনীর মৌচাক আর্মি ক্যাম্পের টহল টিমের অভিযানে প্রায় ছয় হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার রাতে পরিচালিত এই অভিযানে টহল টিমের তৎপরতায় মাদক পাচার রোধে গুরুত্বপূর্ণ সাফল্য আসে।
জানা যায়, নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে সেনাবাহিনীর সদস্যরা সন্দেহভাজন দুই ব্যক্তিকে থামতে নির্দেশ দিলে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে প্রায় ছয় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কাশিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
সেনাবাহিনী জানায়, এলাকায় শান্তি–শৃঙ্খলা বজায় রাখা, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের টহল ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।