
ফেক আইডির মাধ্যমে সম্পর্ক ও “অপহরণ নাটক” ইস্যুতে আলোচনায় শ্রীপুরের স্বাস্থ্য কর্মকর্তা
প্রতিবেদক: মোঃ ফরিদ হোসেন, স্টাফ রিপোর্টার গাজীপুর
গাজীপুরের শ্রীপুরে ফেক আইডির মাধ্যমে পরিচয়, প্রেমের সম্পর্ক এবং পরবর্তীতে “অপহরণের নাটক” সাজানোর অভিযোগকে কেন্দ্র করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. শফিকুল ইসলামকে নিয়ে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা–সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি স্থানীয় সচেতন মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমেও তীব্র আলোড়ন তুলেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ নভেম্বর ফেসবুকের একটি ফেক আইডির মাধ্যমে ডা. শফিকুল ইসলামের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর ১৯ নভেম্বর তিনি প্রেমিকার সঙ্গে দেখা করতে গেলে স্থানীয়দের হাতে ধরা পড়েন বলে কয়েকটি অনলাইন গণমাধ্যম দাবি করেছে। ঘটনার পর অনৈতিক সম্পর্কের অভিযোগ ধামাচাপা দিতে তিনি “অপহরণ নাটক” সাজিয়েছেন—এমন অভিযোগও এলাকার কিছু মহল থেকে উঠেছে।
দৈনিক মানবজমিন ও দৈনিক কালবেলা পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে ঘটনাটিকে ঘিরে বেশ কিছু ইঙ্গিতপূর্ণ তথ্য উঠে এসেছে, যেখানে ডা. শফিকুল ইসলামের আচরণ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তার আনুষ্ঠানিক মন্তব্য এখনো পাওয়া যায়নি।
ঘটনাটি নিয়ে সামাজিক ও প্রশাসনিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। স্থানীয়দের মতে, পুরো বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাচাই করা হলে প্রকৃত ঘটনা পরিষ্কারভাবে সামনে আসবে।
এদিকে প্রশাসনের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অভিযোগগুলো যাচাই–বাছাই করার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।