
গোবিন্দগঞ্জে তালাক দেওয়ার পর ফুসলিয়ে ধর্ষণ, স্বামী নামের ধর্ষক গ্রেফতার
প্রতিবেদক: মোহাম্মদ রেজাদুল ইসলাম রেজা, জেলা প্রতিনিধি, গাইবান্ধা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে একতরফা তালাক দেওয়ার পর পুনরায় ফুসলিয়ে ধর্ষণের অভিযোগে মামলা সূত্রে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মানিক মিয়াকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। ভুক্তভোগী রোকসানা বেগমকে তালাক দেওয়ার পরও মিথ্যা আশ্বাসে শারীরিক সম্পর্ক স্থাপন করায় ১৯/৪৭৭ ধারায় মামলাটি রুজু হয়।
জানা যায়, গত ২০২৪ সালের ৫ ফেব্রুয়ারি অভিযুক্ত মানিক মিয়া তার দ্বিতীয় স্ত্রী রোকসানা বেগমকে একতরফাভাবে তালাক দেন। তাদের সংসার জীবনে একটি পুত্র সন্তান রয়েছে। তালাকের পরও মানিক বিভিন্ন তালবাহানায় যোগাযোগ বজায় রাখেন এবং গত তিন মাস ধরে একই গ্রাম চককোচমুড়িতে স্ত্রীর বাবার বাড়িতে গোপনে দেখা করতেন। সর্বশেষ গত বুধবার (১৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে রোকসানার বাড়িতে গিয়ে অবস্থান করে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। স্থানীয়রা বিষয়টি টের পেলে মানিক পালিয়ে আত্মগোপন করে। পরে রোকসানা থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ তা আমলে নিয়ে মামলা করে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বলেন, “ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্ত মানিক মিয়াকে বগুড়া থেকে আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে। ✅